প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে তিনি বলেন, ‘আমরা ফিরে পেতে চাই আমাদের সেই প্রাণপ্রিয় সুবাস বাউলকে। অনতিবিলম্বে তাকে সুস্থ অবস্থায় আমাদের মধ্যে ফিরিয়ে দিন।’
ভাব আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে শফি মণ্ডল বলেন, ‘যদি লালন শাহের অনুষ্ঠানের আগে সুবাসকে ফেরত না পাওয়া যায়, তাহলে সারাদেশে ভাব আন্দোলন হয়ে যাবে। এতে কোনও সন্দেহ নেই। ভাব আন্দোলন হচ্ছে এমনই—যারা ভাবের মানুষ তার আর কোনও দিকে দেখে না, সোজা রাস্তায় শুয়ে পড়বে। আমাদের কোনও দাবি নেই, আমরা শুধু সুবাসকে ফেরত পেতে চাই।’
বাংলাদেশ বেতার টেলিভিশন শিল্পী সংস্থা, লালন রিসার্চ সেন্টার অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন, লালন আনন্দরাম, রঙমহল, মাঠের বাঁশি এবং বাংলাদেশের বাউল সমাজ মানববন্ধনের আয়োজন করে।
গত ২৪ সেপ্টেম্বর থেকে বাউল সুবাস রোজারিও নিখোঁজ আছেন। তার পরিবারের দাবি, পাবনার চাটমোহর রেলওয়ে স্টেশন থেকে সুবাসকে অপহরণ করা হয়। পরে ২৫ সেপ্টেম্বর একটা অপরিচিত নম্বর থেকে কল দিয়ে মুক্তিপণ চাওয়া হয়। এদিন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকাও দেওয়া হয়। কিন্তু আজও রোজারিওকে পাওয়া যায়নি।
সুবাস নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল গ্রামের বোর্নি সম্প্রদায়ের লুকাস রোজারিওর ছেলে। তার অপহরণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে চাটমোহর থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।