সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁও মোগড়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিত্য গোপাল (৫৯) মারা গেছেন। তিনি সোনারগাঁও ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত ছিলেন। বুধবার (২ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সন্ধ্যা পৌনে ৬ টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিত্য গোপাল মানিকগঞ্জ জেলার গিওর উপজেলার কুন্দুরা গ্রামের মৃত ধীরেন্দ্র নাথ সরকারের ছেলে। খিলগাঁও গোড়ান এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি।

ফায়ার সার্ভিসের ওয়ার হাউজের ইন্সপেক্টর ফকর উদ্দিন জানান, তিনি একটি কাজে এজি অফিসে যাওয়ার পথে মোগড়াপাড়া এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন।

ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানান, ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক এএসআই আব্দুল খান।