ধরপাকড়ের মুখে সৌদি আরব থেকে দেশে ফিরলেন ১৩০ শ্রমিক





হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরধরপাকড়ের মুখে সৌদি আরব থেকে দেশে ফিরে এসেছেন ১৩০ জন শ্রমিক। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে সৌদি এয়ারলাইনসের এসভি-৮০৪ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্কের একজন কর্মকর্তা এ তথ্য জানান। প্রবাসীকল্যাণ ডে‌স্কের সহযোগিতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম তা‌দের খাবারসহ জরুরি সহায়তা দেয়।
ফিরে আসা কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, সৌদি আরবে বেশ কয়েকদিন ধ‌রে ধরপাকড়ের শিকার হচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা। এই অভিযানে বাদ যাচ্ছেন না বৈধ আকামা (কাজের অনুমতিপত্র) থাকা শ্রমিকরাও। তাদের অনেকেরই অভিযোগ, কর্মস্থল থেকে রুমে ফেরার পথে পুলিশ তাদের গ্রেফতার করেছে। নিয়োগকর্তাকে এসময় ফোন করা হলেও তারা দায়িত্ব নিচ্ছেন না। আকামা থাকা সত্ত্বেও কর্মীদের ডিপার্টেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। আবার দীর্ঘদিন অবৈধভাবে থাকার কারণেও অনে‌ককে আটক ক‌রে ফেরত পাঠা‌নো হচ্ছে।
নাটরের রবিউল করিম বলেন, ‘আমার আকাম থাকা সত্ত্বেও ধরে ডিপার্টেশন ক্যাম্পে পাঠিয়ে দিয়েছে পুলিশ। পুলিশের ধরপাকড় অনেক বেড়েছে।’
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান জানান, এ বছর সৌ‌দি আরব থে‌কে এভা‌বে ১১-১২ হাজার শ্রমিক দে‌শে ফিরেছেন।