১৩৯ কেন্দ্রের বেসরকারি ফলে এগিয়ে সাদ

45d012520ff24eb12384392206f13a62-5d977bbe54fd3

রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে ১৭৫টি কেন্দ্রের মধ্যে ১৩৯টির ফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। এতে লাঙ্গল প্রতীক নিয়ে  ৪৫ হাজার ৪৪১ ভোট পেয়ে এগিয়ে আছেন মহাজোটের প্রার্থী রাহগীর আল মাহী ওরফে সাদ এরশাদ। ধানের শীষে ১২ হাজার ৭৬৮ ভোট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন বিএনপির রিটা রহমান। মোটরগাড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মকবুল শাহরিয়ার ওরফে আসিফ (আসিফ শাহরিয়ার) পেয়েছেন ১১ হাজার ৯২৫ ভোট, তার অবস্থান তৃতীয়। 

শনিবার (৫ অক্টোবর) বিকাল সাড়ে ৬টার দিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রংপুরের পুলিশ হলে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। আমাদের রংপুর প্রতিনিধি জানান, সহকারী রির্টানিং অফিসার মো. কামরুল ইসলাম এই ফলাফল ঘোষণা করেছেন। 

জানা যায়, ১৩৯টি কেন্দ্রে বাকি তিন প্রার্থীর মধ্যে গণফ্রন্টের কাজী মোহাম্মদ শহীদুল্লাহ পেয়েছেন ১৩৩৭ ভোট, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল পেয়েছেন ৬৮৭ ভোট ও এনপিপি’র শফিউল আলম পেয়েছেন ৪৬০ ভোট। 

উল্লেখ্য, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া এই আসনে উপনির্বাচনে অংশ নিয়েছেন ছয়জন প্রার্থী। সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হয়। ইভিএমের মাধ্যমে মোট ১৭৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

মহাজোটের প্রার্থী হিসেবে লাঙল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র রাহগীর আল মাহী ওরফে সাদ এরশাদ, বিএনপির প্রার্থী রিটা রহমান, স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা মকবুল শাহরিয়ার ওরফে আসিফ (আসিফ শাহরিয়ার), গণফ্রন্টের কাজী মোহাম্মদ শহীদুল্লাহ, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল ও এনপিপি’র শফিউল আলম।

আরও খবর: 

রংপুরের কেরামতিয়া কেন্দ্রে লাঙ্গল এগিয়ে

ভোটার খুঁজতে খুঁজতেই শেষ রংপুরের ভোট