কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি সফিকুল ফের রিমান্ডে





সফিকুল ইসলাম ফিরোজমাদক আইনে দায়ের মামলায় কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি ও কৃষক লীগের কেন্দ্রীয় নেতা সফিকুল ইসলাম ফিরোজকে ফের ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রবিবার (৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আশ্রাফ আলী এই তথ্য জানান।
তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা জসিম উদ্দিন খান ১০ দিনের রিমান্ডের আবেদন করে আসামিকে আদালতে হাজির করেন। আসামিপক্ষের আইনজীবী মাসুদ এ চৌধুরী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান এর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে আসামিকে ৩ দিনের রিমান্ডে পাঠান।
এর আগে ২১ সেপ্টেম্বর একই মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
গত ২০ সেপ্টেম্বর রাতে কলাবাগান ক্রীড়াচক্রে অভিযান চালায় র‌্যাব। সেসময় ফিরোজকে আটক করা হয়।

আরও পড়ুন: কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি সফিকুল ১০ দিনের রিমান্ডে