‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত সেনাপ্রধান

সেনাপ্রধানকে ‘কর্নেল কমান্ড্যান্ট’ ব্যাজ পরানো হচ্ছেনাটোরের কাদিরাবাদ সেনানিবাসে সোমবার (২৮ অক্টোবর) ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিংয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদকে কোর অব ইঞ্জিনিয়ার্সের ‘সপ্তম কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সেনাপ্রধানকে অনুষ্ঠানস্থলে কোর অব ইঞ্জিনিয়ার্সের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে কোর অব ইঞ্জিনিয়ার্সের সিনিয়র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারুক এবং সিনিয়র সুবেদার মেজর অনারারি ক্যাপ্টেন রশিদ সেনাপ্রধানকে কোর অব ইঞ্জিনিয়ার্সের ‘কর্নেল কমান্ড্যান্ট’এর র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

আইএসপিআর জানায়, র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়ার পর সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ কোর অব ইঞ্জিনিয়ার্সের সদস্যদের উদ্দেশে দরবার গ্রহণ করেন। দরবার শেষে কর্নেল কমান্ড্যান্ট কোয়ার্টার গার্ড পরিদর্শন করেন এবং মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেনারেল আজিজ আহমেদ কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হওয়ার পর কোর অব ইঞ্জিনিয়ার্সের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত সব অধিনায়কের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য ইঞ্জিনিয়ার কোরের সকল সদস্যের প্রতি আহ্বান জানান।