বুড়িগঙ্গা নদী দূষণের দায়ে শ্যামপুর কদমতলী শিল্প এলাকায় অভিযান চালিয়ে ৮টি কারখানা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদফতর। পাশাপাশি করখানাগুলোর বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাকসুদুল ইসলাম ও কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে দিনভর এই অভিযান পরিচালিত হয়। অধিদফতরের উপপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘অভিযানে পরিবেশগত ছাড়পত্র ও তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) ছাড়া বস্ত্র ওয়াশিং ও ডাইং কারখানা পরিচালনার দায়ে ৮টি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। কারখানাগুলো হচ্ছে- এ মজিদ অ্যান্ড সন্স ডাইং, কদমতলী ডাইং অ্যান্ড প্রিন্টিং, মাসুদ টেক্সটাইল, জেদ্দা ডাইং, সোনিয়া ডাইং অ্যান্ড প্রিন্টিং, আজিজ মেটাল, আলিফ মেটাল, মেসার্স অগ্রণী মোল্ডিং, এডেক্স করপোরেশন (অরবিট মেটাল ইন্ডাঃ), মেসার্স খান রেডিমিক্স, মতলব আয়রন, এস এস ইলেক্ট্রপ্লেটিং ওয়ার্কস, মোহাম্মদীয়া পাইপ, পারফেক্ট ওয়ার, এম কে ডাইং, রাফসান ডাইং, মিল্লঅত ডাইং ও নিউ মিল্লাত মারুফ ডাইং।
পরিবেশ অধিদফতরের এনফোর্সমেন্ট টিম ও ঢাকা মহানগরের যৌথ অভিযানে শ্যামপুর কদমতলী শিল্প এলাকায় পরিবেশগত ছাড়পত্র ও ইটিপি ছাড়া কারখানাগুলো পরিচালনা করা হতো। ইতোপূর্বে অধিদফতর হতে নোটিশ করা হলেও কারখানাগুলোর মালিক পক্ষ দূষণ নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থা নেয়নি। এর ফলে ওসব ওয়াশিং ও ডায়িং কারখানার তরল বর্জ্য দ্বারা বুড়িগঙ্গা নদীর পানি ব্যবহারের অযোগ্য করে তুলেছে। এ কারণে অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে উইং পরিচালক রুবিনা ফেরদৌসী ও ঢাকা মহানগর কার্যালয়ের পরিচালক ড. সোহরাব আলী উপস্থিত ছিলেন।