প্রতিবন্ধীদের বিষয়ে ইতিবাচক মানসিকতা গড়তে কাজ চলছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী শরীফ আহমেদপ্রতিবন্ধীদের উন্নয়নে ও তাদের জনসম্পদে পরিণত করতে সরকার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। তিনি বলেন, দায়িত্ব পাওয়ার পর থেকে বিভিন্ন ক্ষেত্রে, কাজকর্ম, প্রকল্প প্রণয়ন ও বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিবন্ধী বান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছি। সাধারণ মানুষের মধ্যে প্রতিবন্ধীদের বিষয়ে যাতে ইতিবাচক ধারণা ও মানসিকতা গড়ে ওঠে সে জন্য সরকার কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সাহায্যের হাত বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনও কমতি আছে বলে আমি দেখিনি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে অনুষ্ঠিত ‘অন্তর্ভুক্তিমূলক কর্মক্ষেত্র: প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিবন্ধীদের সমস্যা প্রকাশ্যে নিয়ে আসা ও এ বিষয়ে সচেতনতা তৈরিতে প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বড় ভূমিকা রাখছেন বলেও জানান তিনি।

প্রতিবন্ধীদের বিষয়ে সমাজে প্রচলিত বিভিন্ন ভুল ধারণা ও অপব্যাখ্যার পরিবর্তন জরুরি উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, পরিবার ও সমাজে প্রতিবন্ধীদের কথা লুকিয়ে রাখার চেষ্টা করা হয়। পরিবারের সদস্যরা মনে করেন, এটি প্রকাশ হলে সামাজিকভাবে তাদের স্ট্যাটাস কমে যেতে পারে বা সামাজিকভাবে তারা হেয় হতে পারে। এসবের বিপরীতে সচেতনতামূলক প্রচারণা জরুরি। সেমাজের মানুষকে বোঝাতে হবে, যে প্রতিবন্ধী বিষয়টি কোনও ‘ভুতের আছর’ নয়, এটা কোনও ‘পাপের ফসল’ নয়, এটা কোনও অস্বাভাবিক ঘটনাও নয়। যেকোনও ব্যক্তির শারীরিক ও মানসিক সমস্যা হতে পারে। তাদের সাপোর্ট দিতে সবাইকে বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

মুন্নী সাহার সঞ্চালনায় রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার হওয়া বৈঠকিতে আরও অংশ নেন– সেন্টার ফর ডিজঅ্যাবেলিটি ইন ডেভেলপমেন্টের থিমেটিক এক্সপার্ট জাহাঙ্গীর আলম, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের অ্যাডভোকেসি বিভাগের পরিচালক কে এ এম মোর্শেদ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মতিউল ইসলাম, বাংলাদেশ জাতীয় প্রতিবন্ধী ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ মহসিন এবং বাংলা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক হারুন উর রশীদ।

ব্র্যাকের সহযোগিতায় আয়োজিত বৈঠকি অনুষ্ঠানটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ ও বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ সম্প্রচার করা হয়।