ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘দেশকে আর্থসামাজিকভাবে উন্নত করতে দক্ষ কর্মী ও পেশাজীবীর সঙ্গে সঙ্গে দক্ষ উদ্যোক্তা তৈরি অপরিহার্য। তাই আমি এই দক্ষ উদ্যোক্তা তৈরির অংশীদার হতে চাই। উদ্যোক্তাদের মেন্টর হতে চাই। চাকরি করার চেয়ে চাকরি দেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।’
বুধবার (২৭ নভেম্বর) বেলা ১২ টায় রাজধানীর আগারগাঁও-এ অবস্থিত মুক্তিযুদ্ধ যাদুঘর মিলনায়তনে বাংলাদেশ ইয়ুথ এন্টারপ্রাইজ অ্যাডভাইস অ্যান্ড হেল্প সেন্টারের (বিইয়া) আয়োজিত ‘প্রকল্প শিখন বিনিময় ও শীর্ষ দশ তরুণ উদ্যোক্তার অ্যাওয়ার্ড প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।
তিনি নিজের উদাহরণ টেনে বলেন, ‘পরিবারের চাকরিজীবী সব ভাই বোনের সবার ছোট হয়েও চাকরির দিকে না ঝুঁকে ব্যবসাকে প্রাধান্য দিয়েছি। নিজের মেধা, পরিশ্রম, অধ্যবসায় দিয়ে কাজ করেছি। সফল ব্যবসায়ী, স্বীকৃতিস্বরূপ নির্বাচিত বিজিএমই-এর সভাপতি নির্বাচিত হয়েছি। নেতৃত্ব দিয়েছি দেশের সবচেয়ে গতিশীল খাত তৈরি-পোশাক শিল্পের।’
মেয়র তরুণদের আশাহত না হয়ে অধ্যবসায় সহকারে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘মানুষের জীবনে উত্থান-পতন আছে, থাকবে। আমিও অনেকবার বড় ধাক্কা খেয়েছি। বাধা পেয়েছি, কিন্তু ঠিকই ঘুরে দাঁড়িয়েছি। থেমে থাকলে চলবে না, লড়তে হবে। পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কোনও বিকল্প নেই। জীবনের মতো ব্যবসাতেও জোয়ার-ভাটা থাকবে, এটাকে মেনে নিয়েই এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।’
পরে মেয়র শীর্ষ দশ তরুণ উদ্যোক্তাকে ক্রেস্ট দেন।