বিডিবিএল ভবনের লিফট ছিঁড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

লিফট দুর্ঘটনা
রাজধানীর কাওরান বাজার এলাকার বিডিবিএল ভবনে লিফট ছিঁড়ে ভেতরে থাকা সিকিউরিটি গার্ড স্বপন (২০) মারা গেছেন। বুধবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে সহকর্মী সোহেল তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১২টায় স্বপনকে মৃত ঘোষণা করেন।

স্বপনের সহকর্মী সোহেল জানান, স্বপন লিফটে করে ওপর থেকে নিচে নামার সময় দুর্ঘটনার শিকার হন।

মৃত্যুর খবর নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

স্বপন নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার সুন্দরপুর গ্রামের মো. টিপু মিয়ার ছেলে।