গণস্বাস্থ্য কেন্দ্রের আন্তর্জাতিক নেফ্রোলজি সম্মেলন শুরু

দেশি-বিদেশি কিডনি বিশেষজ্ঞ, নার্স, বায়োমেডিক্যাল প্রকৌশলীদের নিয়ে শুক্রবার (২৯ নভেম্বর) ও শনিবার (৩০ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক নেফ্রোলজি সম্মেলন।

‘স্বল্প খরচে উন্নতমানের কিডনি রোগের চিকিৎসা’ প্রতিপাদ্যকে সামনে রেখে  শুক্রবার ‘গণস্বাস্থ্য কেন্দ্র ইন্টারন্যাশনাল নেফ্রোলজি কনফারেন্স’ শুরু হবে ।

সম্মেলনের আয়োজক গণস্বাস্থ্য কেন্দ্র এবং এতে সহযোগিতা করছে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন। 

গণস্বাস্থ্য কেন্দ্র জানায়, ইন্টারন্যাশনাল সোসাইটি অব নেফ্রোলজির (আইএসএন) সভাপতি অধ্যাপক ভিভেকানন্দ ঝা, অ্যালো ডায়ালোসিসের জনক যুক্তরাষ্ট্রের অধ্যাপক পিটার কোটান্কো, তাইওয়ান নেফ্রোলজিস্ট সোসাইটির সভাপতি অধ্যাপক কো চেং লু, হংকংয়ের কিডনি বিশেষজ্ঞ ড. মাইকেল ইটারসহ ১৫ জন আন্তর্জাতিক মানের কিডনি বিশেষজ্ঞ এই সম্মেলনের রিসোর্স পারসন হিসেবে উপস্থিত থাকবেন। 

সম্মেলনের আয়োজক কমিটির চেয়ারম্যান ও গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের প্রধান কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ব্রি. জে. (অব.) মামুন মোস্তাফি জানান, দুই দিন ব্যাপী এই সম্মেলনে বাংলাদেশের প্রায় দুই শতাধিক কিডনি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট নার্সরা অংশ নেবেন। সম্মেলনে কিডনি রোগের আধুনিক চিকিৎসা, হেমোডায়ালাইসিস, কিডনি ট্রান্সপ্লান্ট ইত্যাদি বিষয়ে কর্মশালা, গবেষণাপত্র উপস্থাপনা করা হবে। 

আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট নেফ্রলজিস্ট অধ্যাপক ডা. মতিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জনসের সভাপতি অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ।