জঙ্গির মাথায় আইএস-এর টুপি: আইন-সালিশ কেন্দ্রের নিন্দা

আসামির মাথায় আইএস-এর টুপি থাকায় নিন্দা ও প্রতিবাদ আসকের।

জঙ্গির মাথায় আইএস-এর প্রতীক খচিত টুপি নিয়ে পুলিশ ও কারা কর্তৃপক্ষের পরস্পরবিরোধী বক্তব্যের নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সোমবার (২ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) চেয়ারপারসন অ্যাডভোকেট জহিরুল ইসলাম খান পান্না স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় করা মামলার রায় ঘোষণার দিন আসামিদের মাথায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস-এর প্রতীক সংবলিত টুপি দেখা যায়। তিন বছর কারাগারে বন্দি অবস্থায় থাকার পর আসামিদের কড়া নিরাপত্তায় রায় ঘোষণার দিন আদালতে হাজির করা হয়। তারপরও আসামিরা কিভাবে এ টুপি পেলো, তা নিয়ে ব্যাপক বিতর্কের সূত্রপাত হয়। ঘটনা খতিয়ে দেখতে পুলিশ এবং কারা কর্তৃপক্ষ পৃথক দু’টি তদন্ত কমিটি গঠন করেছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এ টুপি কারাগার থেকেই আসামিরা আদালতে নিয়ে গেছেন। অন্যদিকে, কারা কর্তৃপক্ষ বলছে এ টুপি কারাগার থেকে যায়নি। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাষ্ট্রের দুটি গুরুত্বপূর্ণ বিভাগের বিপরীতমুখী এবং দায়িত্বজ্ঞানহীন এমন বক্তব্যে উদ্বেগ ও হতাশা ব্যক্ত করছে আসক। সংস্থাটি মনে করে, জনগণের নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর বক্তব্যে নিজেদের দায় এড়ানোর প্রবণতা পরিলক্ষিত হচ্ছে। যেভাবেই এ ঘটনা ঘটুক না কেন এক সংস্থা অপরটির ওপর দায় না চাপিয়ে জাতীয় স্বার্থে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রকৃত সত্য উদঘাটন করুক। এজন্য অতি দ্রুত নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার আহ্ববান জানিয়েছে আসক। একইসঙ্গে তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে জনগণকে গণমাধ্যমের মাধ্যমে প্রকৃতপক্ষে কী ঘটেছে এবং জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানানোর দাবিও জানানো হয় সংস্থাটির পক্ষ থেকে।