মিরপুরে চোরের ছুরিকাঘাতে ছাত্র আহত

 

ঢাকারাজধানীর মিরপুরে চোরের ছুরিকাঘাতে এক ছাত্র আহত হয়েছেন। তার নাম আশরাফুল ইসলাম (২২)। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় মিরপুরের  ডি- ব্লকের ১৪ নম্বর রোডে এই ঘটনাটি ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘ছেলেটি ঢামেকে চিকিৎসাধীন। বিষয়টি পল্লবী থানা অবগত রয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে আহত অবস্থায় রাত ৯টায় এখানে ভর্তি করান।’

চিকিৎসকের বরাত দিয়ে বাচ্চু মিয়া বলেন, ‘তার পেটে ছুরিকাঘাত হয়েছে, তাকে রক্ত দেওয়া হচ্ছে। পরে অপারেশনে নেওয়া হবে।’

আশরাফুলের চাচাতো ভাই সজিবের বরাত দিয়ে বাচ্চু মিয়া বলেন,  ‘তাদের এলাকার এক ছেলে মাদকাসক্ত। সে চুরি করে। তাকে এলাকার অনেকেই চেনেন। চুরি করে পালানোর সময় এলাকার লোকজন ধাওয়া করে ধরে ফেলে। আশরাফুল তাকে বাঁচাতে গেলে, সে তার কাছে থাকা ছুরি দিয়ে আঘাত করে।’

আশরাফুলের বাসা মিরপুরে। তিনি মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। তার বাবা আমিনুল ইসলাম।