মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘রাজনীতিতে যারা শুদ্ধচার আনার চেষ্টা করেছেন তাদের মধ্যে অন্যতম শহীদ আহসান উল্লাহ মাস্টার। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে তিনি প্রতিটি সংগ্রামে অংশ নিয়েছেন মানুষের কল্যাণে। তিনি ভালোবাসা আর সাহসের সঙ্গে নিজ এলাকায় কাজ করেছেন। নিজেকে মানুষের মাঝে বিলিয়ে দিয়েছেন। নিজের আসনটিকে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে তৈরি করেছেন। গাজীপুর-২ আসনটি এক সময় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। আহসানউল্লাহ মাস্টার সেখানে থাকলে বিএনপি আধিপত্য বিস্তার করতে পারবে না চিন্তা করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়।’
অধ্যাপক মো. রশীদুল হাসান বলেন, ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী আমাকে এই বইটি লিখতে অনুপ্রাণিত করেছে। আহসান উল্লাহ মাস্টারকে যারা কাছ থেকে দেখেছেন তাদের কাছ থেকে নেওয়া তথ্যের আলোকে এই বইটি লেখা হয়েছে। আশা করি, বইটি পড়লে আপনারা আহসান উল্লাহ মাস্টার সম্পর্কে জানতে পারবেন।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ।
উল্লেখ্য, ২০০৪ সালের ৭ই মে প্রকাশ্যে গাজীপুরের এমপি আহসানউল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।