যাত্রীর কাছ থেকে মদ নিয়ে ধরা পড়লেন এভসেক সদস্য

 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

এক যাত্রীর কাছ থেকে মদ নিয়ে নিজের জিম্মায় রাখার সময় হাতে নাতে ধরা পড়েছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি সদস্য সুজন কুমার দাস। রবিবার (২২ ডিসেম্বর) সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার সদস্যরা তাকে ধরে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। এই ঘটনায় একটি তদন্ত কমিটি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

সূত্র জানায়, রবিবার সকাল ৯টার দিকে লন্ডনগামী এক বিদেশি যাত্রীর ব্যাগে দুই বোতল মদ দেখতে পান এভেসেকে দায়িত্বরত আনসার সদস্য সুজন কুমার দাস। সেই যাত্রীকে তিনি জানান- সঙ্গে মদ নেওয়া যাবে না, পরবর্তীতে মদের দুটি বোতল যাত্রীর কাছ থেকে নিয়ে নিজের কাছে রেখে দেন সুজন। পরে মদের বোতলগুলোসহ তাকে আটক করে গোয়েন্দারা। পরবর্তীতে তাকে বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটির কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

এ প্রসঙ্গে বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, একজন এভসেক সদস্যকে নিয়ে আমাদের কাছে অভিযোগ এসেছে। আমরা একটি তদন্ত কমিটি করেছি। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।