বিআরটিসি বাসের চাপায় ব্যবসায়ী নিহত

বাস চাপা

রাজধানীর যাত্রাবাড়ীতে বিআরটিসি বাসের চাপায় একজন ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম আব্দুল জলিল (৫৫)। তিনি লোহার ব্যবসা করতেন। রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

নিহত জলিল মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কলমা বাজার গ্রামের মৃত মনরউদ্দিনের ছেলে। তিনি বর্তমানে নারায়ণগঞ্জ সাদ্দাম মার্কেটের পাশে জিরো পয়েন্ট এলাকায় বাস করতেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শামছুল আলম বলেন, ‘যাত্রাবাড়ী থানার সাদ্দাম মার্কেটের সামনে রাস্তায় পার হওয়ার সময় বিআরটিসি বাস তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতাল, সেখান থেকে ছোট ভাই মিলন শেখ তাকে  ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে রাত ১০টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় বাসটিকে আটক করা হয়েছে।’

মৃতের ভাই মিলন শেখ জানান, নিহত জলিল লোহার ব্যাবসা করতো। তিনি সন্ধ্যায় বাস থেকে বের হন নারায়ণগঞ্জ যাওয়ার উদ্দেশে। পরে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। তিনি তিন ছেলে এক মেয়ের জনক ছিলেন।

ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।