গত ২৪ ঘণ্টায় (২২ ডিসেম্বর সকাল ৮টা থেকে ২৩ ডিসেম্বর সকাল ৮টা) নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন, যা গতকাল ( ২২ ডিসেম্বর) ও পরশু (২১ ডিসেম্বর)-এর তুলনায় বেশি। রবিবার হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন ১৯ জন, তার আগে শনিবার ছিলেন ১৬ জন।
সোমবার ( ২৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম এসব তথ্য জানিয়েছে।
এদিকে, একইসময়ে অর্থ্যাৎ গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ৪৮ জন।
কন্ট্রোল রুমের তথ্য থেকে জানা যায়, নতুন ভর্তি হওয়া ৩৫ জনের মধ্যে রাজধানী ঢাকার ২৯টি বেসরকারি হাসপাতাল ও ১২টি সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন। রাজধানী ঢাকার বাইরে ঢাকাসহ আট বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৭ জন।
আবার একইভাবে ছাড়পত্র নেওয়া ৪৮ জনের মধ্যে রাজধানী ঢাকার ২৯টি বেসরকারি হাসপাতাল ও ১২টি সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ২৬ জন এবং রাজধানী ঢাকার বাইরে ঢাকাসহ আট বিভাগের হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ২২ জন।
ডেঙ্গু নিয়ে হাসপাতালগুলোতে মোট ভর্তি আছেন ১২৭ জন। এর মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ভর্তি আছেন ৮৬ জন আর মহানগরীর বাইরের হাসপাতালে ৪১ জন।
এই মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা এক হাজার ১৩৭ জন।
এদিকে, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ২৬৬টি মৃত্যুর মধ্যে ২২৩টি পর্যালোচনা করে ১৪১ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।