কুয়াকাটায় শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদকবিরোধী ম্যারাথনকুয়াকাটায় মাদকবিরোধী ‘বিচ ম্যারাথন’ অনুষ্ঠিত হয়েছে। ‘চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে দৌড়াও বাংলাদেশ’ শিরোনামে ১০ কিলোমিটার ব্যাপী ম্যারাথনের আয়োজন করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় পটুয়াখালী ও বরগুনার বিশ্ববিদ্যালয় এবং স্কুল-কলেজের দুই হাজার শিক্ষার্থী অংশ নেন।
র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ পায়রা ও বেলুন উড়িয়ে ম্যারাথন উদ্বোধন করেন।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, মাদকের বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত ম্যারাথনে পটুয়াখালী ও বরগুনার স্থানীয় ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের দুই হাজার শিক্ষার্থী অংশ নিয়েছেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তির ঝুঁকি বেশি থাকে। বিষয়টিকে অধিক গুরুত্ব দিয়ে মাদকবিরোধী সচেতনতা কর্মসূচিতে আমরা তাদের সম্পৃক্ত করেছি।
মাদকবিরোধী ম্যারাথনের উদ্বোধন করেন র্যাব ডিজি বেনজীর আহমেদপ্রসঙ্গত, ২০১৮ সালের ৩ মে থেকে ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানে দেশব্যাপী মাদকবিরোধী অভিযান শুরু করে র্যাব। অভিযানে দেশের বিভিন্ন এলাকায় বন্দুকযুদ্ধে ১৩০ জন নিহত হয়েছেন। র্যাবের দাবি নিহতরা সবাই মাদক ব্যবসায়ী। এছাড়া গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন ৩২ হাজার ৭৪৬ জন। এসময়ে উদ্ধার হয়েছে ৬৫ কেজি হেরোইন, এক কোটি ৪০ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা, দুই লাখ ৪১ হাজার বোতল ফেনসিডিল, ১৫ হাজার ৫১০ বোতল বিদেশি মদ ও দুই কোটি ২৩ লাখ ৬৫ হাজার লিটার দেশি মদ।