বুধবার (২৫ ডিসেম্বর) সকালে মামলাটি হস্তান্তর করা হয় বলে বাংলা ট্রিবিউনকে জানান ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান। তিনি বলেন, ‘মামলাটি ডিবি তদন্ত করবে। সকালে শাহবাগ থানা পুলিশ ডিবিকে মামলা ও আসামি বুঝিয়ে দিয়েছে।’
প্রসঙ্গত, গত রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে ডাকসু ভবনে ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা হামলা চালায়। ভিপির কক্ষে এ হামলার ঘটনা ঘটে। হামলায় নুর ও তার সংগঠনের অন্তত ১৭ জন নেতাকর্মী আহত হন। এদের মধ্যে একজনকে লাইফ সাপোর্টে নিতে হয়েছিল। ছয় জন ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে।
এই ঘটনায় শাহবাগ থানা পুলিশ বাদী হয়ে ২৩ ডিসেম্বর দিবাগত রাত ১২টায় একটি মামলা করে। এছাড়াও নুর একটি অভিযোগ দায়ের করে। পরে পুলিশ মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সাধারণ সম্পাদক আল মামুন, ঢাবি শাখার সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য ও মেহেদী হাছান শান্তকে গ্রেফতার করে। তারা বর্তমানে পুলিশ রিমান্ডে রয়েছেন। এছাড়াও ২৪ ডিসেম্বর ৩৭ জনকে আসামি করে নুরুল হক নুর একটি অভিযোগপত্র দেন শাহবাগ থানায়। পুলিশ তার অভিযোগও গ্রহণ করেন। একই সঙ্গে দুটি এজাহারের তদন্ত করবে পুলিশ।
আরও পড়ুন- ভিপি নুরের ওপর ফের হামলা