বুধবার (১ জানুয়ারি) সকাল ১০টায় ঢামেক প্রাঙ্গণে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এসময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ঢামেক হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতি সমন্বয় পরিষদের সভাপতি মো. আবু সাঈদ মিয়া।
তিনি বলেন, ‘সরকারি হাসপাতালে আউট সোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগ প্রথা বাতিল করতে হবে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির সকল পদে রাজস্বখাতে নিয়োগ দিতে হবে। ডিপিসির মাধ্যমে পদোন্নতি যোগ্য শূন্যপদে দ্রুত নিয়োগ এবং পদোন্নতি দিতে হবে। ২১ জানুয়ারি মধ্যে দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
সভাপতি আবু সাঈদ আরও বলেন, ‘পুলিশ সদস্যদের মতো আমাদেরও রেশন ভাতা চালু করতে হবে। কর্তৃপক্ষ আমাদের শুধু আশ্বাস দিয়ে যাচ্ছেন। এটা আমাদের রুটি রুজির ব্যাপার। আমরা শুধু আশ্বাস শুনি কিন্তু কোনও কাজ হয় না। চলমান প্রক্রিয়া যদি বহাল থাকে, তাহলে যারা এ প্রক্রিয়া চালাচ্ছে তাদের দায়ী থাকতে হবে। কোনও ধরনের ষড়যন্ত্র হলে হাসপাতাল বন্ধ করে দেওয়া হবে।’
বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারী কেন্দ্রীয় সমিতির সভাপতি এম এ হান্নান, তৃতীয় শ্রেণি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি এস এম আব্দুর রব, সাধারণ সম্পাদক মজিবুর রহমান খান, সংগঠনের বক্ষব্যাধি সরকারি হাসপাতালের সভাপতি নাসির আলম, মিটফোর্ড হাসপাতালের সভাপতি মোজাফফর হোসেন বাবুলসহ আরও অনেকে।