ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে মনোনয়ন বাতিল হওয়া জাতীয় পার্টির প্রার্থী জি এম কামরুল ইসলামকে সান্ত্বনা দিয়েছেন বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল। এসময় কামরুল ইসলামকে আপিল করার পরামর্শও দেন বিএনপির এই মেয়র প্রার্থী।
এর আগে, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ভোটার না হওয়ায় জাতীয় পার্টির প্রার্থী জি এম কামরুল ইসলামের মনোনয়ন অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ের জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে মনোনয়ন যাচাই-বাছাইয়ের পর বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
এসময় জাতীয় পার্টির জি এম কামরুল ইসলাম বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘আপনার মনোনয়নপত্র আমরা দেখেছি। আপনি সিটি করপোরেশনের ভোটার নন। এটা আমরা অনেকবার দেখেছি। এ কারণে আপনার মনোনয়নপত্র আমরা গ্রহণ করতে পারছি না।’
ঘোষণা শেষ হলে মিলনায়তন থেকে বেরিয়ে গিয়ে বাইরে দাঁড়িয়ে থাকেন জি এম কামরুল ইসলাম। বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল বেরিয়ে যাওয়ার সময় তার সামনে দাঁড়ান। এসময় মনোনয়নপত্র বাতিলের কারণ জানতে চান এবং তাকে আপিল করার পরামর্শ দিয়ে ‘গুড লাক’ বলে চলে যান তাবিথ।
রিটার্নিং কর্মকর্তা জানান, যাদের মনোনয়ন বাতিল হয়েছে, তারা আগামী তিন দিনের মধ্যে বিভাগীয় কমিশনারের কাছে আপিলের আবেদন করতে পারবেন।
উল্লেখ্য, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দিয়েছিলেন সাত জন মেয়র প্রার্থী। শুধু জাতীয় পার্টির প্রার্থী ছাড়া সবাইকে বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বৈধ মেয়র প্রার্থীরা হলেন−আওয়ামী লীগের আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আউয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ, পিডিপির শাহীন খান, এনপিপির মো. আনিসুর রহমান দেওয়ান ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আহম্মেদ সাজেদুল হক।