ডিএসসিসিতে ২৮ জনের মনোনয়ন অবৈধ

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচন ২০২০ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনে ২৮ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। এরমধ্যে সাধারণ ওয়ার্ডের ২৬ জন এবং সংরক্ষিত ওয়ার্ডের দুজন প্রার্থী রয়েছেন। এর বাইরে দক্ষিণ সিটিতে ৫৪১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজধানীর গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে অবস্থিত ডিএসসিসির রিটার্নিং অফিসারের কার্যালয়ে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২৮ জনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। রিটার্নিং অফিসার আবদুল বাতেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ডিএসসিসিতে যে কয়জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, যাচাই-বাছাই শেষে তাদের সবার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন—আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস, বিএনপির ইশরাক হোসেন, জাতীয় পার্টির হাজী মোহাম্মদ সাইফুদ্দিন মিলন, ইসলামী আন্দোলনের মো. আবদুর রহমান, এনপিপির বাহরানে সুলতান বাহার, বাংলাদেশ কংগ্রেসের মো. আকতার উজ্জামান ওরফে আয়াতুল্লা ও গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন।

জানা যায়, ডিএসসিসিতে মেয়র পদে ৮ জন এবং ৭৫টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১০৪৭ ও ২৫টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ১৯০টিসহ তিন পদে মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ১২৪৫ জন। এরমধ্যে সাধারণ কাউন্সিলর পদে ৪৬০ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০২ জন মনোনয়নপত্র দাখিল করেন। সব মিলিয়ে এ সিটিতে মনোনয়নপত্র দাখিল করেছেন ৫৬৯ জন।

যাচাই-বাছাই শেষে সাধারণ কাউন্সিলর পদে ৪৩৪ জনের মনোনয়ন বৈধ ও ২৬ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। সংরক্ষিত কাউন্সিলর পদে ১০০ জনের মনোনয়নপত্র বৈধ এবং দুজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।
৫ জানুয়ারির মধ্যে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে। আপিল কর্তৃপক্ষ হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন।