কামাল চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১০ জানুয়ারি রাজধানীর তেজগাওঁয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণ গণনার (কাউন্ট ডাউন) উদ্বোধন করবেন। ১৯৭২ সালের এই দিনে অর্থাৎ ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে ফিরে এসে এখানেই মাটিতে পা রাখেন। তিনি বলেন, বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর ফিরে আসার প্রতীকী পরিবেশ সৃষ্টি করার মাধ্যমে জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য এই ক্ষণগণনা। বঙ্গবন্ধু এই দিনে পাকিস্তান থেকে লন্ডন ও নয়াদিল্লি হয়ে স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন।
তিনি জানান, রাজধানী, বিভাগীয় নগরী, জেলা শহর, সিটি করপোরেশন এবং উপজেলাসহ সারাদেশে বিভিন্ন পাবলিক প্যালেসে ক্ষণগণনার জন্য ডিভাইস স্থাপন করা হবে। উদ্বোধনের মাধ্যমে প্রতিটি জেলা, উপজেলা এবং প্রতিটি পাবলিক প্লেসে এক সঙ্গে ক্ষণগণনা শুরু হবে। তৃণমূল পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পযর্ন্ত বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এবং মন্ত্রণালয় ও বিভাগে জন্মশতবার্ষিকী উদযাপনের কর্মসূচি নেওয়া হয়েছে।
তিনি বলেন, মুজিব বর্ষ উপলক্ষে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আমরা ইতোমধ্যেই দেশ-বিদেশের তিন শতাধিক কর্মসূচি মনোনীত করেছি। আমরা এসব কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছি। সুষ্ঠুরূপে কর্মসূচি বাস্তবায়ন নিশ্চিত করতে আমরা আটটি সাব-কমিটি গঠন করেছি। আগামী ১৭ মার্চ কর্মসূচির উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিরা এতে উপস্থিত থাকবেন। সূত্র-বাসস