নির্বাচন কমিশন দন্তহীন বাঘের ভূমিকায় রয়েছে: ইশরাক

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইশরাক হোসেন

নির্বাচন কমিশন একটি মেরুদণ্ড ও দন্তহীন বাঘের ভূমিকায় রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন।

তিনি বলেন, ‘তিন দিন আগে তাদেরকে আমি একটি লিখিত অভিযোগ দিয়েছি। আমার যে মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী, তার নামে বহু রঙিন পোস্টারে ঢাকার দক্ষিণ সয়লাব হয়ে গেছে।  আমরা প্রমাণসহ একটি অভিযোগ দিয়েছিলাম। তারা কোনও পদক্ষেপ নেয়নি।’

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর গোপীবাগে  সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের ডিএসসিসির রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বরাদ্দ ধানের শীষ প্রতীক  নেওয়ার পর তিনি এ কথা বলেন।

ইশরাক বলেন, ‘আমিও তাদের অবস্থা বুঝি।  তাদের আসলে কিছু করার নেই। তাদের সেই ক্ষমতাও নেই, সাহসও নেই। এ নিয়ে আমরা মোটেও বিচলিত না।  আমরা পরোয়া করি না, আমরা তোয়াক্কা করি না। আমরা আমাদের কাজ করে যাবো। নির্বাচনি আচরণবিধি আমরা মেনে চলছি। ’

তিনি বলেন, ‘আমার বাবা দীর্ঘ ৩৫ বছর বিএনপির রাজনীতি করেছেন এবং ১৯৯১ সালে প্রথম ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। সেই ধানের শীষ প্রতীক নিয়ে মেয়র পদের মতো একটি গুরুত্বপূর্ণ পদে নির্বাচন করার জন্য দল আমাকে সমর্থন দিয়েছে। আমি আশা করছি,  দলের যে প্রত্যাশা, সেটা অবশ্যই পালন করবো। আপনারা আমার জন্য এবং আমার বাবার জন্য দোয়া করবেন।’