‘সচল ঢাকার’ প্রতিশ্রুতিতে আতিকের প্রচারণা

নির্বাচনি প্রচারণায় আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে তৃতীয় দিনের মতো প্রচারণায় নেমেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। রবিবার (১২ জানুয়ারি) সকালে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নেওয়ার পর উত্তরার আবদুল্লাপুরে গণসংযোগ করেছেন আতিক। ভোটারদের ‘সচল ঢাকা’ উপহার দেওয়ার প্রতিশ্রুতিতে নৌকা মার্কায় ভোট চাইছেন তিনি। 

মেয়র প্রার্থী আতিকুল ইসলাম রবিবার ভোট চান রাজধানীর উত্তরাবাসীর কাছে। এদিন সকালে উত্তরার রাজলক্ষ্মী প্লাজার সামনে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেন তিনি। এরপর তিনি এখান থেকেই শুরু করেন গণসংযোগ। এই এলাকার মানুষের হাতে হাতে লিফলেট তুলে দিতে দেখা যায় তাকে। এসময় আতিকের কর্মীরা নৌকার স্লোগান দিতে থাকেন। ‘উন্নয়ন চলছে, চলবে’ প্রতিশ্রুতিতে সাধারণ নাগরিকদের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে ভোট চান আতিক। 

এরপর ঢাকা ১৮ আসনের কসাইবাড়ি রেলগেট, কাঁচপুর, দক্ষিণখানে গণসংযোগ শেষে উত্তরখান ও আবদুল্লাপুর এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের এই মেয়র প্রার্থী। ছাদ খোলা গাড়িতে দাঁড়িয়ে হাত নাড়িয়ে অভিবাদন জানাতে দেখা তাকে। এছাড়া ‘৩০ জানুয়ারি উন্নয়নের মার্কা নৌকায় ভোট দিন’ মন্তব্য করে সাধারণ পথচারী থেকে শুরু করে আশপাশের দোকানিদের সঙ্গে হাতও মেলান তিনি।

গণসংযোগের সময় গত ৯ মাস মেয়রের দায়িত্বে থাকাকালীন নিজের কর্ম ও সদিচ্ছার কথা তুলে ধরেন। তিনি ভোটারদের প্রতিশ্রুতি দেন, মেয়র হলে ঢাকাকে সিঙ্গাপুর-দুবাইয়ের মতো গড়ে তোলা হবে।

রাজলক্ষ্মী এলাকায় গণসংযোগকালে ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘উন্নয়ন চলছে, চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আপনারা আমাকে সুযোগ দেন, আমি আপনাদের একটি সচল ঢাকা উপহার দেবো। আমার আন্তরিকতার অভাব নেই। গত ৯ মাসে এক মিনিটও বসে থাকিনি। আগামীতে নির্বাচিত হলে কী কী কাজ করবো সেসব পরিকল্পনা করা হয়েছে, এখন শুধু কাজ করবো। আমি সব গুছিয়ে নিয়েছি, আপনারা আমাকে সুযোগ দেন, আমি আপনাদের সবার প্রত্যাশার ঢাকা উপহার দেবো।’