মো. শহিদুল হককে ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী ফাতেমা খাতুন। তিনি বলেন, আমরা কাল রাতে ফোন পেয়ে ময়মনসিংহ থেকে উনাকে নিয়ে এসেছি। তিনি এখন শারীরিকভাবে অসুস্থ।
শহিদুল হকের বরাত দিয়ে ফাতেমা খাতুন বলেন, উনি গত ১৪ জানুয়ারি দুপুরে বাসা থেকে বের হয়ে ব্যাংকে যান। সেখান থেকে টাকা তুলে যান মহাখালী চেয়ারম্যান বাড়ি। ওখান থেকে বনানী যাওয়া কথা। এরপর আর তিনি কিছু বলতে পারছেন না। উনার জ্ঞান ফিরেছে বুধবার (১৫ জানুয়ারি) বিকালে। এরপর কোনোকিছুই তিনি মনে করতে পারছিলেন না। পরে লোকজন উনাকে ময়মনসিংহ রেলস্টেশন সংলগ্ন একটি আবাসিক হোটেলে থাকার ব্যবস্থা করে দেয়। সেখানে কিছু সময় থাকার পর ১৫ জানুয়ারি রাতে অন্য একজনের মোবাইলফোন থেকে কল দিয়ে আমাদের তার অবস্থান সম্পর্কে জানান। তখন আমরা গিয়ে উনাকে নিয়ে আসি।
আইনজীবী শহিদুল হকের সঙ্গে থাকা পঞ্চাশ হাজার টাকা পাওয়া যাচ্ছে না জানিয়ে ফাতেমা খাতুন আরও বলেন, যারা তাকে নিয়ে গিয়েছিল, তারাই হয়তো টাকাটা নিয়ে গেছে। তবে উনাকে কোনও ধরনের নির্যাতন করা হয়নি।
সুপ্রিম কোর্টের এই আইনজীবী নিখোঁজের ঘটনায় খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। তা তদন্ত করছিলেন খিলগাঁও থানার এসআই খোরশেদ আলম। তিনি বলেন, কিভাবে তিনি ঢাকা থেকে ময়মনসিংহ গিয়েছেন, তা আমরা খতিয়ে দেখছি। তিনি কিছুটা সুস্থ হওয়ার পর আমরা অধিকতর তদন্ত শুরু করবো।