জাতীয় জরুরি সেবায় কর্তব্যরত এক পুলিশ সদস্য জানান, বুধবার (৩০ জানুয়ারি) রাত ৮টা ৫৬ মিনিটে উদ্বিগ্ন একজন কলার ঢাকার কমলাপুর বাসস্ট্যান্ড থেকে ৯৯৯-এ ফোন করে জরুরি পুলিশি সহায়তা চান। কলার জানান, তিনি একজন বাসযাত্রী, কমলাপুর বাসস্ট্যান্ডে একজন ভারতীয় নাগরিকের ব্যাগ থেকে পাসপোর্ট, ডলার এবং টাকা চুরি হয়েছে। ভারতীয় নাগরিক বুঝতে পারছেন না কী করবেন। তাই তিনি ৯৯৯-এ ফোন করেছেন।
পরে ভারতীয় নাগরিকের সঙ্গে কথা বলে জানা যায়, ওই ব্যক্তির নাম সমীরণ দত্ত (৬০)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের অধিবাসী। তিনি একজন লেখক। বাংলাদেশের অমরাবতী প্রকাশনী থেকে এবারের একুশে বইমেলায় তার একটি বই প্রকাশিত হয়েছে। সেই উপলক্ষে তিনি এবং তার ছেলে সড়কপথে বাসযোগে ভারত থেকে বাংলাদেশ এসে ঢাকার কমলাপুরে নামেন রাত পৌনে আটটার দিকে। এরপর তিনি স্বামীবাগ লোকনাথ আশ্রমে যাওয়ার জন্য রিকশা ঠিক করার সময় পকেটমারের শিকার হন। পকেটমার তার ব্যাগ থেকে তার ও ছেলের পাসপোর্ট, ৩২০ ডলার এবং বাংলাদেশি সাড়ে তিন হাজার টাকা নিয়ে যায়।
৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে কমলাপুর রেলওয়ে থানার ডিউটি অফিসারের সঙ্গে ওই ভারতীয় ব্যক্তির কথা বলিয়ে দেয়। পরে কমলাপুর রেলওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তারা রেলস্টেশন এবং আশপাশে তল্লাশি অভিযান চালায়। পরবর্তীতে কমলাপুর রেলওয়ে থানার ওসি ৯৯৯-কে জানান, তারা দুটি পাসপোর্ট এবং পাঁচশ’ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছেন। স্টেশন থেকে পাঁচ জন ভবঘুরেকে আটক করা হয়েছে। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
পরে ভারতীয় লেখক সমীরণ দত্তের সঙ্গে কথা বলে তাকে পাসপোর্ট উদ্ধার হওয়ার বিষয়টি জানানো হয়।
লেখক সমীরণ দত্ত জরুরি সহায়তা পাওয়ায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।