প্রত্যেক কর্মীকে ২০০ ভোটার নিয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান আতিকুলের

555ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম নেতাকর্মীদের ২০০ জন করে ভোটার নিয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) প্রচারণার শেষদিন বিকালে রাজধানীর নতুনবাজার এলাকায় পথসভায় তিনি এ আহ্বান জানান।
আতিকুল ইসলাম বলেন, ‘আর এক দিন বাকি আছে। সবাই সবাইকে ফোন করুন, প্রতিজ্ঞা করুন, প্রত্যেকে আমরা ২০০ ভোটার নিয়ে আসবো। নৌকাকে বিজয়ী করুন। সকালবেলা নৌকাকে জয়ী করুন, বিকালে জয়ের মিছিল করবো, ইনশাল্লাহ।’
তিনি বলেন, ‘গত নয়টি মাস আমরা চেষ্টা করেছি। শুধু ঢাকা শহর নয়, এই নতুন ১৮টি ওয়ার্ডের উন্নয়নে কাজ করেছি। এই এলাকার অলি-গলিতে একটু বৃষ্টি হলে পানি জমে যায়। এখানে রাস্তা হয়েছে কিন্তু ড্রেন হয়নি। আমাদের এই ১৮টি ওয়ার্ডের জন্য ৪ হাজার ২০০ কোটি টাকার ফাইল প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় আছে।’

একটি ভোট অনেক মূল্যবান মন্তব্য করে আওয়ামী লীগের এই মেয়র প্রার্থী বলেন, ‘একটি ভোট পরিবর্তন করতে পারে, একটি ভোট উন্নয়নের ছোঁয়া দিতে পারে। সেই ভোটটি কিন্তু আপনাদের কাছে আছে। আপনারা ভোটকে অবহেলা করবেন না। তাই আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, মুজিববর্ষে নৌকাকে বিজয়ী করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করবো।’
প্রতিপক্ষরা অনেক ধরনের খেলা খেলতে চাচ্ছে—এমন অভিযোগ করে আতিকুল বলেন, ‘আমরা শুনেছি অনেক বহিরাগতদের আনার চেষ্টা চলছে। আমি অনুরোধ করবো সবাইকে একটু ধৈর্য্য ধরুন। শান্তিপূর্ণভাবে ভোটদান করুন।’