তাবিথ আওয়াল বলেন, ‘আমি সারাদিন বিভিন্ন কেন্দ্র পরির্দশন করেছি। বিভিন্ন কেন্দ্রে দেখেছি আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। ভোটারদের প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে। আমি নিজে গিয়ে এজেন্টদের কেন্দ্রে যাওয়ার ব্যবস্থা করেছি। ভোটারা যেন আসতে পারেন সেজন্য রিটানিং অফিসারদের সঙ্গে কথা বলেছি।’
তিনি বলেন, ‘সব কেন্দ্রে একই চিত্র— ভোটারদের উপস্থিতি খুবই কম। ৪টা পর্যন্তই ভোটারদের উপস্থিত কম ছিল। আরেকটা চিত্র হচ্ছে, কেন্দ্রর সামনে মহড়ার মতো লোকজন ছিলেন, যারা ভোটারদের সহায়তা না করে ভয়-ভীতি দেখানোর চেষ্টা করেছে।’
বিএনপির এই প্রার্থী বলেন, ‘সকালে বনশ্রী আইডিয়াল স্কুলে গিয়েছিলাম, তখন আমার এজেন্টকে বের করে দেওয়ার পর আবার ঢুকিয়ে দিয়ে যাই। বিকেলে গিয়ে একই কেন্দ্রে দেখলাম, এজেন্টদের আবার বের করে দেওয়া হয়েছে। আমি পুলিশ কর্মকর্তাকে প্রশ্ন করলাম, তারা বললেন, তাদের কিছু করার ছিল না। প্রিজাইডিং অফিসারকে খুঁজে পেতে আমার আধঘণ্টা লেগেছে। আইডিয়াল স্কুলে দুটি রুমে দরজা বন্ধ দেখেছি। পরে দেখি সেখানে গিয়ে দেখলাম ফিংগার প্রিন্ট ওভার রাইট করে ভোট দেওয়া হচ্ছে। তখন সেখানে থাকা কর্মকর্তারা বললেন, ফিংগার প্রিন্ট কাজ করছে না বলে ঠিক করছিলেন। যদিও এর মধ্যে ভোট কাউন্ট বেড়ে গিয়েছে। একটি রুমে দেখলাম, একটি মেশিনই বদলে ফেলা হয়েছে।’ সব কেন্দ্র থেকে তথ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করবেন বলে জানান তিনি।