কবি ও সাংবাদিক জাফর ওয়াজেদ বর্তমানে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক হিসেবে কর্মরত।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২০ সালের একুশে পদকের জন্য ২০ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে সাংবাদিকতায় জাফর ওয়াজেদকে মনোনীত করা হয়েছে।
একুশে পদকপ্রাপ্তির প্রতিক্রিয়া জানতে চাইলে জাফর ওয়াজেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সংবাদপত্র ও সাংবাদিকতা নিয়ে কাজের ক্ষেত্র প্রসারিত করা এখন আমার নৈতিক দায়িত্বে পরিণত হয়েছে। সাংবাদিকতা থেকে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছি।’
তিনি বলেন, ‘সংবাদপত্র ও সাংবাদিকতার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলোকে আরও বেশি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমি আরও নিষ্ঠার সঙ্গে কাজ করবো।’
সাবেক ছাত্রনেতা জাফর ওয়াজেদ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য সম্পাদক ছিলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন তিনি।
কুমিল্লার দাউদকান্দিতে জন্ম নেওয়া জাফর ওয়াজেদ সর্বশেষ দৈনিক জনকণ্ঠের সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি দৈনিক সংবাদের জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলাবাজার পত্রিকা ও দৈনিক মুক্তকণ্ঠের প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন...
এবার একুশে পদক পেলেন যারা