চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন: শিক্ষামন্ত্রী

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিচাকরির জন্য নিজের ওপর অতিমাত্রায়  চাপ না নেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু  মনি। তিনি বলেন, ‘শুধু চাকরি নামের সোনার হরিণের পেছনে না ছুটে নিজেরাই সফল উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন।’ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকালে রাজধানীর ইউনাইটেড  ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘নিজেরা সফল উদ্যোক্তা  হওয়ার স্বপ্ন  দেখুন।  নিজের ওপর বিশ্বাস রাখুন।  অভীষ্ট লক্ষ্য বাস্তবায়নে ধৈর্যধারণ করুন  ঝুঁকি নেওয়ার সাহস রাখুন।’  

স্নাতকদের উদ্দেশে ডা. দীপু মনি বলেন, ‘আপনার পরিকল্পনাটা বাস্তবায়নে হয়তো প্রচণ্ড ঝুঁকি থাকতে পারে। স্বপ্ন দেখেই ক্ষান্ত হবেন না, স্বপ্নকে জীবিত করে তুলুন। আপনার স্বপ্ন বাস্তবায়নের মাঝে হাজারো স্বপ্ন বেঁচে থাকবে যুগ যুগ ধরে। আপনার স্বপ্ন বাস্তবায়নে বিজ্ঞ ও বিশ্বস্ত মেন্টর তৈরি করবেন, স্বপ্ন পূরণে আউটলাইন তৈরি করবেন।’  

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘এমন দেশ গড়তে হবে, যেখানে সবাই নিজের যোগ্যতা, উদ্যম আর পরিশ্রম দিয়ে উন্নতি করতে পারবে। আমরা সবাই এমন দেশের স্বপ্ন দেখি। স্বপ্ন দেখতে ভালোবাসে সবাই। স্বপ্নকে বাস্তবে পরিণত করা মানুষগুলোও পূজনীয় হয় সবার কাছেই। তাদেরই আমাদের আদর্শ মেনে নেই।’

সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।  সমাবর্তন অনুষ্ঠানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মোস্তাফিজুর রহমানসহ বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।