কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনে হামলা, গাড়ি পোড়ানো ও পুলিশের ওয়াকি টকি ছিনতাইয়ের অভিযোগে দায়ের করা চার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৪ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ) এসব মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে এ দিন তদন্ত কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল না করায়, ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারি নতুন এ দিন ধার্য করেন।
আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক নিজাম উদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
প্রসঙ্গত, গত ২০১৮ সালের ৮ এপ্রিল রাত একটার দিকে কোটা সংস্কার আন্দোলন চলাকালে ভিসির বাসভবনে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা মূল গেট ভেঙে ফেলে। ভাঙচুর চালানোর পাশাপাশি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ওই বছরের ১০ এপ্রিল ঢাবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এছাড়া, পুলিশের বিশেষ শাখার (এসবি) সদস্য ও শাহবাগ থানা পুলিশ বাদী হয়ে অন্য তিনটি মামলা দায়ের করে। তবে মামলার এজাহারে আসামি হিসেবে নির্দিষ্ট কারও নাম উল্লেখ করা হয়নি।