মিজান ও বাছিরের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৬ মার্চ

পুলিশের বিতর্কিত ডিআইজি মিজানুর রহমান ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরদুর্নীতির মামলায় পুলিশের ডিআইজি মিজানুর রহমান ওরফে মিজান ও দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে ফের অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৬ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (৪ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালতে দুদকের পক্ষে অভিযোগ গঠনের শুনানি হয়। কিন্তু আসামি পক্ষের আইনজীবীরা অভিযোগ গঠন শুনানি পেছানোর আবেদন করেন। এরপর বিচারক আবেদন মঞ্জুর করে  ফের শুনানির জন্য ১৬ মার্চ দিন ধার্য করেন।

আদালতে দুদকের জিআর শাখার কর্মকর্তা জুলফিকার আলী এ  তথ্য জানান।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ অভিযোগপত্র গ্রহণ করেন। গত ১৯ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্যা এই আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

গত বছরের ১৬ জুলাই  ৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগে মিজান ও বাছিরের বিরুদ্ধে দুদকের জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেছিলেন দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্যা।

প্রসঙ্গত, ঘুষ কেলেঙ্কারির অভিযোগ ওঠার পর খন্দকার এনামুল বাছির ও ডিআইজি মিজানুর রহমান ওরফে মিজান সাময়িক বরখাস্ত হন।