ধরা পড়েনি জবি ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় জড়িতরা

মামলা করার ২৪ ঘণ্টা পার হলেও ধরা পড়েনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় জড়িতরা। মামলার অগ্রগতির বিষয়ে সূত্রাপুর থানার ওসি কাজী ওয়াজেদের দাবি, ‘মামলার অগ্রগতি হয়েছে, তবে তদন্তের স্বার্থে আমরা কিছু জানাতে পারছি না। আমাদের যতটুকু প্রসেস করার করছি।’

এর আগে, শুক্রবার (৬ মার্চ) সকালে পুরান ঢাকার কলতাবাজারে জবির এক ছাত্রী দুই বখাটের হাতে শারীরিক ও মানসিক লাঞ্ছনার শিকার হন। এ ঘটনায় দুপুরে সূত্রাপুর থানায় ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে মামলা করেন। দোষীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সূত্রাপুর থানার ওসি (তদন্ত) স্নেহাশিস রায়।

এ ঘটনায় জড়িত দুই মোটরসাইকেল আরোহীকে সিসিটিভি ফুটেজ থেকে শনাক্ত করেছেন ভুক্তভোগী।

এদিকে ২৪ ঘণ্টা পার হলেও আসামিদের গ্রেফতার না হওয়ার বিষয়ে জানতে চাইলে ওসি কাজী ওয়াজেদ বলেন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি ধরা পড়বে এমন কোনও নিয়ম নাই, আমরা কোনও আল্টিমেটাম দেইনি। আসামি ধরা গেলে ৬ মিনিটেও ধরা যায়। আমরা এটা নিয়ে স্পেশাল টিম করেছি। ভিডিও ফুটেজ নিয়ে কাজ করছি। আমাদের সঙ্গে ডিবি কাজ করছে, র‌্যাব কাজ করছে। আমাদের যত ধরনের প্রক্রিয়া ফলো করার, আমরা করছি।

ভুক্তোভোগী ছাত্রী বাংলা ট্রিবিউনকে বলেন, আমার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যার নিয়মিত যোগাযোগ রাখছেন। তবে এখনও কোনও ফল পাইনি। মামলা কখন করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, শুক্রবার দুপুরে মামলা করেছি।

মামলার সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, গাড়ির নম্বরের জন্য বিআরটিএর-এর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পুলিশের তিনটি টিম গঠন করা হয়েছে।

 

আরও পড়ুন:
পুরান ঢাকায় জবি ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ