পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীকে যৌন নিপিড়নে ঘটনা ঘটেছে। এ ঘটনায় সূত্রাপুর থানায় ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেছেন। সূত্রাপুর থানার ওসি (তদন্ত) স্নেহাশিস রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার (৬ মার্চ) সকালে পুরান ঢাকার কলতাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। জড়িত দুই মোটরসাইকেল আরোহীকে শনাক্ত করেছে ভুক্তভোগী।
ওই ছাত্রী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘রিকশায় বসে থাকা অবস্থায় দুই মোটরসাইকেল আরোহী আমাকে বাজেভাবে স্পর্শ করে। বাসা থেকে ক্যাম্পাসের আসার পথে কলতাবাজার কবি নজরুল কলেজের পিছনে এই ঘটনা ঘটে। পরে তারা আমার পাশ কাটিয়ে চলে গেলে আমি পেছন ফিরে তাকাই। এসময় বাইক থামিয়ে তাদের একজন আমাকে বলে, ‘আবার পেছনে দেখিস?’ এরপর তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে চলে যায়।’’
তিনি আরও বলেন, ‘আমি কান্না করছিলাম। সেখানে অনেক মানুষ ছিল। সবাই ঘটনাটি দেখলেও কেউ প্রতিবাদ করেনি।’
সিসিটিভি ফুটেজের দুই মোটরসাইকেল আরোহীর বিষয়ে তিনি বলেন, ‘ফুটেজের দুই ব্যক্তিকে শনাক্ত করেছি। কিন্তু মোটরসাইকেলের নম্বর জানা সম্ভব হয়নি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ‘ওই ছাত্রীকে নিয়ে থানায় গিয়ে মামলা করা হয়। পুলিশের বেশ কয়েকটি টিম অপরাধীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করছে। মামলার দ্রুততার জন্য ভিকটিম বাদী হয়েছে। তবে আমরা সার্বক্ষণিক খোঁজ খবর রাখবো।’
ওসি (তদন্ত) স্নেহাশিস রায় বলেন, ‘কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করছি।’








