জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে শ্লীলতাহানির মামলায় বখাটে গ্রেফতার

১১১১১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একজন ছাত্রীকে প্রকাশ্যে যৌন হয়রানির মামলায় আনোয়ার হোসেন (৩৩) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নামে একাধিক মামলা রয়েছে। সূত্রাপুর থানার ওসি কাজী ওয়াজেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার (৮ মার্চ) রাত পোনে ৮টায় কোতোয়ালি থানার নবাববাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভুক্তভোগী শিক্ষার্থী আসামিকে শনাক্ত করেছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্রাপুর থানার ওসি কাজী ওয়াজেদ বলেন, ‘একজন আসামি ধরা পড়েছে। ভুক্তভোগী ছাত্রী নিজে আসামিকে শনাক্ত করেছে। আসামি নিজেও অপরাধ স্বীকার করেছে।’

তিনি আরও বলেন, ‘রিমান্ডে নিয়ে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে। সে হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলার আসামি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ‘আমরা সবসময় শিক্ষার্থী‌দের পা‌শে আছি এবং ভ‌বিষ্য‌তেও কেউ কোনও শিক্ষার্থীর সঙ্গে অন্যায় কর‌লে আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসবো।’

উল্লেখ্য, শুক্রবার (৬ মার্চ) সকালে পুরান ঢাকার কলতাবাজারে প্রকাশ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করে দুই বখাটে। এই ঘটনায় দুপুরে সূত্রাপুর থানায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে মামলা করেন। জড়িত দুজন মোটরসাইকেল আরোহীকে সিসিটিভি ফুটেজ থেকে শনাক্ত করেন ভুক্তভোগী।