দুদকের মামলায় সাবেক কাউন্সিলর মিজানের বিরুদ্ধে প্রতিবেদন ২ এপ্রিল

র‌্যাবের হেফাজতে হাবিবুর রহমান মিজান

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

মিজানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আজ বৃহস্পতিবার (১২ মার্চ) জমা দেওয়ায় দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা আদালতে প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ নতুন এ দিন ধার্য করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, হাবিবুর রহমান অসৎ উদ্দেশ্যে নিজ ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অবৈধ ব্যবসা ও কার্যক্রমের মাধ্যমে স্থাবর ও অস্থাবর মিলিয়ে মোট ৩০ কোটি ১৬ লাখ ৮৭ হাজার ৩৩১ টাকা ৩৪ পয়সার অবৈধ সম্পদ অর্জন করেছেন, যা তার জ্ঞাত আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ওই অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি করেন।