সুপ্রিম কোর্ট বারে সভাপতি আমিন উদ্দিন, সম্পাদক কাজল

সভাপতি আমিন উদ্দিন ও সম্পাদক কাজলসুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) ২০২০-২১ সেশনের নির্বাচনে সভাপতি পদে সরকার সমর্থিত দলের প্রার্থী (সাদা প্যানেল) সিনিয়র অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন এবং সম্পাদক পদে বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থী (নীল প্যানেল) ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের মধ্যে সভাপতিসহ মোট ৬টি পদে এবং সম্পাদকসহ মোট আটটি পদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে নির্বাচিত হয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবীরা।

শুক্রবার (১৩ মার্চ) প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এএফ হাসান আরিফ ফলাফল ঘোষণা করেন। এবারের নির্বাচনে ১৪টি পদের বিপরীতে ৩১ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন।

সভাপতি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন পেয়েছেন ৩ হাজার ৩৭০ ভোট। তিনি ৯১২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছে। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট জয়নুল আবেদীন পেয়েছেন ২ হাজার ৪৫৭ ভোট।

আর বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী ঐক্য প্যানেল থেকে সম্পাদক পদে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ৩ হাজার ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট শাহ মনজুরুল হক পেয়েছেন ২ হাজার ৮১১ ভোট।

অবশিষ্ট ১২টি পদের মধ্যে বিএনপির আইনজীবীরা ৭টি পদে জয় পেয়েছেন। তারা হলেন- কোষাধ্যক্ষ পদে ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী,  সহ-সভাপতি পদে আব্দুল জব্বার এবং সদস্য পদ থেকে মার-ই-উম খন্দকার,  মোহাম্মদ মোহসিন কবির, মোহাদ্দেস উল ইসলাম (টুটুল),  মোহাম্মদ সাইফ উদ্দিন (রতন) এবং অ্যাডভোকেট আমিরুল ইসলাম (খোকন) জয়ী হয়েছেন।
সভাপতি পদ ছাড়া আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে জয়ী হয়েছেন আরও ৫ প্রার্থী। তারা হলেন,  সহ-সভাপতি পদে আইনজীবী মনিরুজ্জমান,  সহ-সম্পাদক পদে ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক ও মোহাম্মদ বাকির উদ্দিন ভুঁইয়া এবং সদস্য পদে আইনজীবী হুমায়ুন কবির ও মোহাম্মদ মশিউর রহমান।

এর আগে সমিতির ২০১৯-২০ সেশনের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন। আর সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।