দুই সপ্তাহের জন্য সৌদি আরবে বিমানের ফ্লাইট বন্ধ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সবিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় সব ধরনের আন্তর্জাতিক বিমান চলাচল দুই সপ্তাহের জন্য স্থগিত করেছে সৌদি আরব। রবিবার (১৫ মার্চ) থেকে দেশটিতে কোনও আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন করবে না। দেশটির এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে রবিবার থেকে দুই সপ্তাহের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও সৌদি আরবের রিয়াদ, দাম্মাম, জেদ্দা ও মদিনায় ফ্লাইট বন্ধ রাখছে।
রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেন বলেন, সৌদি আরবের সিদ্ধান্তের কারণে ১৫ মার্চ থেকে দুই সপ্তাহের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরবের রিয়াদ, দাম্মাম, জেদ্দা ও মদিনায় ফ্লাইট বন্ধ করা হয়েছে।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার জানায়, রবিবার সৌদি আরবের স্থানীয় সময় বেলা ১১টা থেকে বিমান চলাচল স্থগিত থাকবে। এ কারণে যেসব নাগরিক ও স্থায়ী বাসিন্দারা অন্য দেশ থেকে সৌদি আরব ফিরতে পারবেন না বা কোয়ারেন্টাইনে থেকে সৌদি আরবে ফিরবেন, তাদের জন্য এই দুই সপ্তাহ বিশেষ সরকারি ছুটি হিসেবে বিবেচনা করা হবে।
এর আগে পুরো ইউরোপীয় ইউনিয়ন এবং এশিয়া ও আফ্রিকার ১২টি দেশের সঙ্গে বিমান চলাচল স্থগিত করেছে সৌদি আরব। এছাড়া, প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিহত করতে এরই মধ্যে ওমরাহ হজ পালন সাময়িকভাবে স্থগিত করেছে দেশটি। একই সঙ্গে করোনা ভাইরাস সংক্রমিত দেশগুলো থেকে পর্যটক ভিসা নিয়ে যাওয়া ব্যক্তিদেরও প্রবেশ নিষিদ্ধ করেছে সৌদি আরব।

আরও পড়ুন...
সৌদি আরবে আন্তর্জাতিক বিমান চলাচল স্থগিত