সাংবাদিক নির্যাতনে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি এডিটরস গিল্ডের

এডিটরস গিল্ডসম্প্রতি সাংবাদিকদের ওপরে হামলা মামলার কয়েকটি ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদকদের জোট এডিটরস গিল্ড।

বুধবার (১৮ মার্চ) এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, গত ১৩ মার্চ মধ্যরাতে বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে তুলে নিয়ে অকথ্য নির্যাতন ও তথাকথিত মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি দিয়ে কারাগারে পাঠানোর ঘটনাটি ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে। তাই জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাসহ এর সঙ্গে জড়িতদের শুধু প্রত্যাহারই যথেষ্ট নয়, তাদের বিরুদ্ধে মামলা এবং বিচার হতে হবে। সেইসঙ্গে আরিফুলের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা নিঃশর্তভাবে তুলে নিতে হবে। এছাড়াও তাকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এডিটরস গিল্ড।

এদিকে ফটো সাংবাদিক ও ‘পক্ষকাল’ পত্রিকার সম্পাদক শফিকুল ইসলাম কাজল গত ১০ মার্চ থেকে নিখোঁজ। তার সন্ধান পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এখনও তেমন নজরে না আসায় উদ্বেগ প্রকাশ করেছে দেশের শীর্ষ সাংবাদিকদের অন্যতম প্রধান সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নিখোঁজ’ হওয়ার একদিন আগে ৩২ জনের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে করা এক মামলায় তার (শফিকুল ইসলাম কাজল) নাম রয়েছে। বিতর্কিত এই মামলাটি দ্রুত প্রত্যাহারসহ সাংবাদিক কাজলকে খুঁজে বের করতে দৃশ্যমান উদ্যোগ নেওয়ার দাবি জানাচ্ছে এডিটরস গিল্ড। পাশাপাশি অন্য সাংবাদিকদের বিরুদ্ধে করা সব মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।