শবে মেরাজ উপলক্ষে সুন্নী আন্দোলনের সমাবেশ

বিশ্ব সুন্নী আন্দোলনের শোভাযাত্রাপবিত্র শবে মেরাজ উপলক্ষে সমাবেশ ও আনন্দ শোভাযাত্রা করেছে বিশ্ব সুন্নী আন্দোলন। রবিবার (২৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ করে সংগঠনটি।

সমাবেশে সংগঠনটির মহাসচিব আল্লামা শেখ রায়হান রাহবার বলেন, ‘আল্লাহতায়ালার অসীম ক্ষমতায় প্রিয়নবী স্থান-কালের ঊর্ধ্বে তার পরম নিকটে পৌঁছেছেন। মেরাজ শরিফ প্রিয়নবীর কাছে স্বয়ং আল্লাহতায়ালার মহিমাময় প্রত্যক্ষ প্রকাশ। এবং প্রিয়নবীকে মানবমণ্ডলীর জন্য সত্যের আলো, জীবনের কেন্দ্র এবং সর্বজ্ঞান, সর্বগুণ ও সর্বকল্যাণের উৎসরূপে প্রকাশ করেছেন। মেরাজ শরিফের বিষয়ে শুকরিয়া আদায় না করলে নাফরমানি হবে।’

তিনি আমাদের জীবনে মহানবী (সা.) আদর্শ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, ‘দুনিয়াব্যাপী মিথ্যা, অবিচার ও অপশক্তি রোধে নবী করিম (স.)-এর শিক্ষা ও নির্দেশনার বাস্তবায়ন করতে হবে। আর এর জন্য ঐক্যবদ্ধ হতে হবে সত্য ও মানবতায় বিশ্বাসী সব মানুষকে।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির বিভিন্ন কর্মী ও ওলামায়ে কেরাম। সমাবেশ শেষে পল্টনসহ কয়েকটি সড়ক শোভাযাত্রাসহ প্রদক্ষিণ করেন তারা।