এ বিষয়ে জানতে চাইলে অস্ট্রেলিয়াতে কর্মরত একজন বাংলাদেশি কূটনীতিক বলেন, দূতাবাস এখানে কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসকদের নিয়ে একটি পুল গঠনের উদ্যোগ নিলে ভালো সাড়া পায়। এখানে চিকিৎসকরা টেলিফোনের মাধ্যমে সেবা দিচ্ছেন।
যুক্তরাষ্ট্রে কর্মরত আরেকজন কূটনীতিক বলেন, গোটা আমেরিকার মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি আছেন নিউ ইয়র্কে। সেখানে অনেক বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসকও কর্মরত। এই উদ্যোগে তারা সাড়া দিয়েছেন এবং বাংলাদেশিদের সেবা দিচ্ছেন।
যুক্তরাজ্যেও বাংলাদেশি-ব্রিটিশ চিকিৎসকদের সমন্বয়ে একটি করোনা হেল্প লাইন টিম গঠন করেছে বাংলাদেশ দূতাবাস। এই চিকিৎসক দল ওই দেশে অবস্থানরত বাংলাদেশিদের চিকিৎসা দেবে।
সৌদি আরবে বুধবার (১৫ এপ্রিল) পর্যন্ত ১৫ বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সেখানে বাংলাদেশিরা ঝুঁকির মধ্যে আছেন। এ বিষয়ে একজন কূটনীতিক বলেন, এদেশেও অনেক বাংলাদেশি চিকিৎসক বিভিন্ন হাসপাতালে কর্মরত। তাদের নিয়ে একটি চিকিৎসক পুল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগ্রহী চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।