হটলাইনে ফোন পাওয়া পাঁচ হাজার ৪৭৯ জনের বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ডিএসসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, লোকলজ্জার কারণে লাইনে দাঁড়িয়ে খাদ্যসামগ্রী গ্রহণে বিব্রতবোধকারীদের জন্য হটলাইন সেবা চালু করেছিল ডিএসসিসি। সেই সেবা কার্যক্রমও চলমান রয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) পর্যন্ত হটলাইন নম্বরে ১৭ হাজার ১৭৫ জন নাগরিক ফোন করে খোঁজ-খবর নিয়েছেন। এরমধ্যে খাদ্যসামগ্রী বাসায় পৌঁছে দেওয়ার জন্য ৮৫৯২ জনের নাম রেজিস্ট্রেশন করা হয়েছে। ইতোমধ্যে পাঁচ হাজার ৪৭৯ জনের বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। অবশিষ্ট তিন হাজার ১১৩ জনের বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লোকলজ্জার ভয়ে লাইনে দাঁড়িয়ে অথবা পরিবারের সদস্যদের সম্মুখে খাদ্যসামগ্রী গ্রহণে বিব্রতবোধকারীদের বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডিএসসিসি এ কার্যক্রম গ্রহণ করেছে। সীমিত পরিসরে চলমান এ কার্যক্রমের আওতায় খাদ্যসামগ্রী পেতে ০১৭০৯-৯০০৭০৩ এবং ০১৭০৯-৯০০৭০৪ নম্বরে ফোন করতে আগ্রহীদের প্রতি অনুরোধ জানানো হলো।