প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ত্রাণ নিশ্চিতের আহ্বান এইচআরএফবির

হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)করোনাভাইরাস সংকটের এই সময়ে প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ত্রাণ ও দুর্যোগ ভাতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)। মঙ্গলবার (২১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানায় সংগঠনটি।
হিউম্যান রাইটস ফোরামের সমন্বয়ক তামান্না হক রীতি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস মোকাবিলায় প্রায় একমাস হতে চললো সারাদেশে লকডাউন চলছে। এর ফলে দেশের শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের উপার্জনের পথ বন্ধ বা সীমিত হয়ে পড়েছে। বিশেষত বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠী এবং পাহাড়ে ও সমতলে বসবাসরত বেশ কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবার এ বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। সরকার ঘোষিত বিভিন্ন ত্রাণ সহায়তা কার্যক্রম সবার কাছে পর্যাপ্তভাবে পৌঁছাচ্ছে না বলে সংবাদ প্রকাশিত হচ্ছে।
হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি) দ্রুততার সাথে এসব জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা ও দুর্যোগ ভাতা প্রদান নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহবান জানাচ্ছে।