ভাড়াটিয়াকে বাসায় উঠতে না দেওয়ার ঘটনায় বাড়িওয়ালা কারাগারে

 

গ্রেফতার বাড়িওয়ালা শম্পা (মাঝ খানে)

ভাড়াটিয়াকে বাসায় উঠতে না দেওয়ার ঘটনায় রাজধানীর কাঁঠালবাগান এলাকার বাড়িওয়ালা নূর আক্তার শম্পাকে (৪৫) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শম্পার বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি শেষে বুধবার (২২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এ আদেশ দেন।

এর আগে বুধবার দুপুরে এ মামলায় তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে শম্পাকে আদালতে হাজির করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক উভয় (রিমান্ড ও জামিন) আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট সূত্র বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন শম্পার পক্ষে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।

প্রসঙ্গত, গত রবিবার রাতে কলাবাগান থানার ৫৮/৭ নম্বর পান্থপথ এলাকায় একটি বাসায় এক মাসের ভাড়া বাকি থাকায় ভাড়াটিয়াকে দুই মাসের শিশুসহ তিন সন্তান ও তার বাবা-মাকে মারধর করে ঘর থেকে তাড়িয়ে দেন বাড়িওয়ালা শম্পা। র‌্যাব ও পুলিশ সদস্যরা মানবিক বিবেচনায় শম্পার কাছে র‌্যাব ওই ভাড়াটিয়াকে নিয়ে বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন। তবে বাড়িওয়ালা শম্পা তাদের বাড়িতে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্তে অনড় থাকেন। এরপর ওই ভাড়াটিয়াকে নিয়ে পুলিশ কলাবাগান যায়। সেখানে তাদের খাবারের ব্যবস্থা করা হয়। পরে মামলা করেন ভাড়াটিয়া। এরপর ভাড়াটিয়া সন্তানদের নিয়ে তার মায়ের বাসায় চলে যান। এরপর থেকে বাড়িওয়ালা শম্পা পলাতক ছিলেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি সড়ক থেকে শম্পাকে গ্রেফতার করে র‌্যাপিট অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-২। শম্পার বিরুদ্ধে গত ১৯ এপ্রিল রাতে ওই ভাড়াটিয়া বাদী হয়ে কলাবাগান থানায় মামলা করেন।

র‌্যাব-২ কর্মকর্তা মেজর এইচ এম পারভেজ আরেফিন জানান, ‘ওই বাড়িওয়ালাকে আমরা নিয়মিত নজরদারিতে রেখেছিলাম। রাতে ধানমন্ডির একটি সড়ক থেকে তাকে গ্রেফতার করি। জিজ্ঞাসাবাদের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন:

ভাড়াটিয়াকে বাসায় উঠতে না দেওয়া বাড়িওয়ালা গ্রেফতার