শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গোডাউনে পোশাক শিল্পের কাঁচামালের গোডাউনে ডেমারেজ চার্জ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। মঙ্গলবার (২৮এপ্রিল) এ সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।
জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটির কারণে যানবাহন চলাচল বন্ধ। বেশিরভাগ পোশাক কারখানাও বন্ধ রয়েছে। এতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আটকে থাকা আমদানিকৃত তৈরি পোশাক শিল্পের কাঁচামালের স্তূপ জমেছে। দিনের পর দিন এসব পণ্য খালাস না হওয়ায় ব্যবসায়ীরা গোডাউন চার্জ মওকুফের দাবি করছিলেন। এ কারণে বিমান মন্ত্রণালয়ের পোশাক শিল্পের কাঁচামালের গোডাউনে ডেমারেজ চার্জ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে।
মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে গত ২৬ মার্চ থেকে ৫ মে পর্যন্ত সরকারি সিদ্ধান্ত অনুযায়ী লকডাউন চলমান আছে। এ কারণে অনেক পোশাক শিল্প প্রতিষ্ঠান বন্ধ। ২৬ মার্চ থেকে লকডাউন চলাকালীন সময় পর্যন্ত আমদানিকৃত এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়্যার হাউজে রক্ষিত তৈরি পোশাক শিল্পের কাঁচামালের ফ্রি টাইম পরবর্তী ডেমারেজ চার্জ মওকুফের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুরোধ করা হয়েছিল। এই আবেদনের প্রেক্ষিতে সরকার লকডাউন চলাকালীন সময়ে আমদানিকৃত বিমানের ওয়ার হাউসে রক্ষিত ডেলিভারির জন্য অপেক্ষমাণ তৈরি পোশাক শিল্পের কাঁচামালের ফ্রি টাইম পরবর্তী ডেমারেজ চার্জ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে।