বৃহস্পতিবার সাময়িকভাবে বরখাস্ত ব্যক্তিরা হলেন রাজশাহী জেলার চারঘাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজু আহম্মেদ, ভোলা জেলার মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমানত উল্লাহ আলমগীর এবং ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার মানকোন ইউপির ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য নাজমিন আক্তার লাভলী।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চারঘাট পৌরসভার কাউন্সিলর রাজু আহম্মেদের বিরুদ্ধে চাল ওজনে কম দেওয়া এবং তালিকাভুক্ত ব্যক্তিকে চাল না দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। তার এ ধরনের অপরাধমূলক কার্যক্রম পৌরপরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩১(১) অনুযায়ী তাকে কাউন্সিলর পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
পৃথক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ভোলা জেলার মনপুরা ইউপি চেয়ারম্যান মো. আমানত উল্লাহ আলমগীরের বিরুদ্ধে মৎস্য ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে এবং ময়মনসিংহ জেলার মানকোন ইউপির সংরক্ষিত মহিলা সদস্য নাজমিন আক্তার লাভলীর বিরুদ্ধে ত্রাণ দেওয়ার আশ্বাস দিয়ে সাধারণ মানুষের থেকে চাঁদা আদায়ের বিষয়টি প্রমাণিত হয়েছে। এ অবস্থায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী তাদের পদ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়ে বলে জানানো হয়।
একইসময় তিন জনকেই পৃথক পৃথক কারণ দর্শানো নোটিশে কেন তাদের চূড়ান্তভাবে পদ থেকে অপসারণ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। নোটিশ পাওয়ার ১০ কর্ম দিবসের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে উত্তর পাঠাতে বলা হয়।