বিষাক্ত জাহাজ দেশে প্রবেশ করতে না দেওয়ার আহ্বান

 

 

 

সুজন

শিপ ব্রেকিং প্রতিষ্ঠানের আমদানি করা বিষাক্ত জাহাজ বাংলাদেশে প্রবেশ করতে না দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। শুক্রবার (১ মে) গণমাধ্যমে পাঠানো সুজন সভাপতি এম হাফিজ উদ্দিন খান ও সম্পাদক ড. বদিউল আলম মজুমদার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান।

এতে বলা হয়, বৃহস্পতিবার ( ৩০ এপ্রিল) দ্য ডেইলি স্টারে প্রকাশিত ‘Toxic Ship Heading to Bangladesh’ শিরোনামের একটি প্রতিবেদনের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে, একটি শিপ ব্রেকিং প্রতিষ্ঠান অত্যন্ত বিষাক্ত একটি জাহাজ আমদানি করছে। জাহাজটি ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আসছে। জে-নাট নামের বিষাক্ত এই জাহাজটিতে ১৫০০ টন পারদ-দূষিত বর্জ্য, ৬০ টন স্ল্যাজ অয়েল, ১০০০ টন ঝাল তেল এবং ৫০০ টন তৈলাক্ত জল রয়েছে। বিপজ্জনক এই জাহাজটি আমদানি হলে তা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠবে। আর এই জাহাজ যদি ভাঙা হয়, তা শ্রমিকদের জনও হবে চরম ঝুঁকিপূর্ণ। মাঝে মাঝে বিষাক্ত গ্যাস নিঃসরণ ও বিস্ফোরণে শ্রমিকদের মৃত্যু হয়।

আরও বলা হয়, জাহাজ আমদানির ব্যাপারে পরিবেশ  অধিদফতরের এনওসি নেওয়ার বিধান থাকলেও এ ব্যাপারে সংশ্লিষ্টদের বক্তব্য স্পষ্ট নয়। শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব মিজানুর রহমান বলেছেন,  ‘আমি নিশ্চিত নই যে, এর আগে এই জাহাজের জন্য এনওসি নিয়েছিল কিনা। মাঝে মাঝে তথ্য গোপন করে শিপ ব্রেকাররা বিষাক্ত জাহাজ আমদানির চেষ্টা করেন।’

বিষাক্ত এই জাহাজ যেন বাংলাদেশে কোনোক্রমেই প্রবেশ করতে না পারে। সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।