তেল চোরাচালান করায় নাইজেরিয়ায় চার বাংলাদেশির জেল

নাইজেরিয়াতেল চোরাচালানের দায়ে নাইজেরিয়ায় চার বাংলাদেশিকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার নাইজেরিয়ার লাগোস শহরের ফেডারেল হাইকোর্ট এই আদেশ দেন। একই অভিযোগে ফিলিপাইনের পাঁচ নাগরিককেও একই সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি বিকল্প হিসেবে তাদের ২ কোটি নাইরা (এক লাখ ডলার) জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত বাংলাদেশিরা হলেন জহিরুল ইসলাম, শাহিনুল ইসলাম, রফিকুল ইসলাম এবং শেখ শিবলী নোমান। দণ্ডপ্রাপ্তদের নৌযান জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
নাইজেরিয়ার ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যান্ড ফিনান্সিয়াল ক্রাইম কমিশনের আইন ও প্রসিকিউশন বিভাগের প্রধান ল্যাটোনা পাঁচ বাংলাদেশি ও চার ফিলিপাইনের নাগরিকসহ ৯ জনের সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চলতি বছর ২৭ মার্চ দণ্ডপ্রাপ্তদের অবৈধভাবে অপরিশোধিত তেল বেচাকেনার সময় আটক করা হয়। তারা তিন হাজার ৪২৩ মেট্রিক টনেরও বেশি পরিমাণ তেল অবৈধভাবে বেচাকেনা ও সংরক্ষণ করছিলেন। যা নাইজেরিয়ার আইনে অবৈধ।

প্রথম দফায় অভিযুক্তদের জামিন দেওয়া হয়। পরে রাষ্ট্রপক্ষের তরফে অভিযোগের প্রমাণ প্রমাণ দেওয়া হলে জামিন বাতিল করে তাদের কারাদণ্ড দেন আদালত।

প্রসঙ্গত, আফ্রিকার বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ নাইজেরিয়া তেল চুরির হওয়ায় প্রতি বছর কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি হয়। কালোবাজারে তেল বিক্রির কারণে বছরে প্রায় ছয় বিলিয়ন ডলার রাজস্ব হারায় নাইজেরিয়া।

সাধারণভাবে জরিমানা দিয়েই খালাস পান অধিকাংশ অপরাধী।

/এমপি/এসটি/