কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ আদালতের কর্মকর্তা-কর্মচারীদের

সুপ্রিম কোর্ট

করোনা পরিস্থিতিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগ ও নিম্ন আদালতের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বৃহস্পতিবার (৭ মে) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের সই করা বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ৫ মে দেশব্যাপী করোনা সংক্রামণ মোকাবিলা এবং বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশের সব আদালতের ছুটি আগামী ১৬ মে পর্যন্ত বাড়িয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

প্রশাসনের ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলা এবং এর ব্যাপক বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামী ১৬ মে পর্যন্ত সব আদালতে ছুটি ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত ছুটির ধারাবাহিকতায় গত ২৯ মার্চ থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগ ও সব নিম্ন আদালতে সাধারণ ছুটি চলছে।